কুয়াকাটা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম জাহিদ (২৫) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে মহিপুর থানার ১১ নম্বর ডালবুগঞ্জ ইউনিয়নের বরকোতিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বরকোতিয়া গ্রামের মান্নান চৌকিদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলাম ও তার বেশ কয়েকজন সহযোগীরা এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তাদের মাধ্যমে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয়ে আসছিল।
এদিকে জাহিদুল ইসলাম গ্রেপ্তার হলেও তার সঙ্গে জড়িত অন্য সহযোগীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিম আহমেদ বলেন, “উক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”










