
কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়া পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে মো. সোহাগ (৪৫) নামের এক ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এতিমখানা মহল্লার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহাগ পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার আব্দুল বারেক সরদারের ছেলে। তিনি কলাপাড়া পৌর শহরে ঘুরে ঘুরে কাপড় ও কাঁচের মালামাল বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ প্রায় এক মাস আগে ব্যবসার উদ্দেশ্যে কলাপাড়ায় এসে ওই বাসার দোতলায় একা ভাড়া থাকতে শুরু করেন। বুধবার রাতে ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সোহাগের মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিক মোহাম্মদ লিটন জানান, সোহাগ এক মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। কথা ছিল ঈদের পর তিনি তার স্ত্রীকে নিয়ে আসবেন। ব্যবসার মালামাল তিনি ওই রুমেই রাখতেন।
নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, সর্বশেষ তিন দিন আগে স্বামীর সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। ঈদের আগে বাড়ি যাওয়ার কথা ছিল সোহাগের। কিন্তু বুধবার রাতে খবর পেয়ে এসে স্বামীর পচাগলা মরদেহ দেখতে পান তিনি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার ধ্রুববাণীকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরায় প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’