
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহিপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক মাতৃছায়া পত্রিকার মহিপুর প্রতিনিধি মো. মিজানুর রহমান প্যাদা। সদ্য প্রয়াত সভাপতি সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মহিপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।
সভায় জানানো হয়, মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহিদ রিপন গত ৮ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে প্রেসক্লাবের কার্যক্রম সচল রাখতে সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে আগামী তিন মাসের জন্য মিজানুর রহমান প্যাদাকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী।
জরুরি সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, অর্থ সম্পাদক এম পলাশ সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাসুদ, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান ও মো. মাহতাব হাওলাদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত সভাপতি মিজানুর রহমান প্যাদার নেতৃত্বে মহিপুর প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
নবনিযুক্ত সভাপতি মিজানুর রহমান প্যাদা বলেন, ‘প্রয়াত সভাপতি জাহিদ রিপনের অবদান স্মরণ করে ঐক্যবদ্ধভাবে প্রেসক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে চাই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ।’