
কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩ (তিন) মাস মেয়াদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. আনোয়ারুল আজিম, হোটেল সী ক্রাউনের ম্যানেজার মো. আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমীর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর সেক্রেটারি জেনারেল কে.এম জহির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ। সঞ্চালনা করেন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান সাইদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, ‘পর্যটনসমৃদ্ধ কুয়াকাটায় দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) (রেজিঃ নং-৬৬৩/১৯)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীরা, হোটেল-পর্যটন খাত সংশ্লিষ্টরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।