
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:
দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে কুয়াকাটা পৌর জামায়াতের কর্মী ডা. মো. আ. হালিমকে।
এ ঘটনাকে কেন্দ্র করে কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে রবিবার (গতকাল) রাত ৮টায় একটি বিশেষ রোকন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আব্দুল কাইয়ুম। এছাড়াও কুয়াকাটা পৌরসভার বিভিন্ন পর্যায়ের রোকনবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ডা. আব্দুল হালিমের বিরুদ্ধে উত্থাপিত দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। আলোচনায় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সর্বসম্মতিক্রমে তাকে কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর সকল পদ থেকে অব্যাহতি প্রদানসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সংগঠনের আদর্শ, নীতি ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখা এবং দলীয় কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে দলের আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও বৈঠকে জানানো হয়।