
হেলেন কেলার বিউটি, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পটুয়াখালীর মহিপুরে। দিনব্যাপী এসব কর্মসূচিতে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফগার মেশিনে মশা নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান ও গাছ রোপণসহ ব্যতিক্রমী জনসেবামূলক আয়োজন।
সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর মহিপুর থানার বিভিন্ন এলাকায় মশার প্রাদুর্ভাব রোধে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। একইসঙ্গে মহিপুর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ-প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
পরবর্তীতে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেলে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির মুসুল্লি, লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান হাওলাদার, মহিপুর থানা শ্রমিকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খান, ছাত্রদলের সভাপতি তানজিল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সংগঠিত করাই যুবদলের মূল লক্ষ্য। দেশের গণতন্ত্র রক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে যুবদল বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুবদলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ব্যতিক্রমী ও জনসেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে মহিপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিণত হয় আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক উৎসবে।