
মো:হাবিবুল্লাহ খান রাব্বী :
মহিপুর থানার কুয়াকাটায় ৮ গ্রাম ‘ক্রিস্টাল আইস’সহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএনসির পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে চার যুবককে হাতেনাতে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল এবং পর্যটকদের লক্ষ্য করে মাদক সরবরাহ করত। ‘ক্রিস্টাল আইস’—একটি নতুন ও ভয়ংকর মাদক। এই এলাকায় প্রথমবার ধরা পড়ায় প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আটককৃতরা হলেন— রাসেল মল্লিক (৩২), আব্দুর রহমান (৩০), রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)। এদের সবার বাড়ি পটুয়াখালীর মহিপুর থানাধীন বিভিন্ন এলাকায়।
ডিএনসি সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে কুয়াকাটা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহে জড়িত ছিল। তাদের কাছ থেকে জব্দকৃত ‘ক্রিস্টাল আইস’ ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।
এ ঘটনার প্রেক্ষিতে ডিএনসি উপপরিচালক বলেন, ‘কুয়াকাটায় যেভাবে মাদকচক্র সক্রিয় হচ্ছে, তাতে এটি মাদক সরবরাহের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ধরনের প্রবণতা অত্যন্ত ভয়াবহ ও উদ্বেগজনক। আমরা নিয়মিত অভিযান চালিয়ে এই চক্রকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আটককৃতদের বর্তমানে মহিপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে কুয়াকাটার হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাদক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ‘ক্রিস্টাল আইস’-এর মতো মরণনেশার প্রবেশ এই পর্যটন এলাকার নিরাপত্তা ও সামাজিক স্থিতির জন্য বড় হুমকি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।