
পিরোজপুর:
পিরোজপুরে ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের মুলহোতা কালাম ফরাজিকে আটক করেছেন র্যাব। শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে র্যাব-৮এর একটি দল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কালাম ভান্ডারিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের মৃত সাকায়েত ফরাজির ছেলে।
জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের হারুন জোমাদ্দার এর ছেলে মো. সুমন জোমাদ্দার প্রতিদিনের ন্যায় ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া বাড়িতে পৌঁছা মাত্র ওঁত পেতে থাকা ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ্য করে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি একজনকে ঝাপটে ধরলে অন্য ছিনতাইকারীরা তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের ডাক চিৎকার প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজন ছিনতাইকারী পৌরসভার ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার এবং কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার কে আটক করে। পরে রাব্বি হাওলাদারের কললিষ্ট চেককরে ছিনতাইয়ের মুলহোতা কালাম ফরাজির নাম সামনে আসে।
র্যাব জানান, গ্রেফতারকৃত কালাম ফরাজি ছিনতাইয়ের ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল। র্যাবের বিশেষ নজরদারিতে থাকা কালাম ফরাজী শনিবার (১৮ জানুয়ারী) সকালে নিজ বাড়িতে আসলে র্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ইস্কাটন লিডার মো. জেহাদি হাসান এর নেতৃত্বে ওই দিন দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজির হোসেন জানান, ছিনতাইয়ের সময় রাব্বি হাওলাদার আটক হলে তার কল লিস্ট পর্যালোচনা করে এই ঘটনায় কালাম ফরাজির সম্পৃক্ততা পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে র্যাব-৮ তাকে আটক করে থানায় হস্তান্তর করে।