মহিপুর প্রতিনিধি:
মহিপুরে নিজের নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মহিপুর সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিপুর থানা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান লিমন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মহিপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিমন খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে কাজ করে আসছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম ও পরিচয় ব্যবহার করে একটি ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে ভাইরাল করার চেষ্টা করছে। ওই ভিডিও সম্পর্কে তিনি অবগত নন এবং ভিডিওতে প্রদর্শিত কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে লিমন আরও বলেন, মাদকের বিরুদ্ধে তার দীর্ঘদিনের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা এবং সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা নিশ্চিত না হওয়ায় যথাযথ তদন্ত ও প্রমাণ ছাড়া তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করতে চান না।
লিমন বলেন, মাদকের বিরুদ্ধে আমার অবস্থান আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের ভুয়া ভিডিও, অপপ্রচার বা ষড়যন্ত্র আমাকে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ভিডিও বা তথ্যের সত্যতা যাচাই না করে তা শেয়ার, প্রচার বা পুনঃপ্রচার করা উচিত নয়। এতে একজন নিরপরাধ ব্যক্তির সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
তিনি প্রচারিত ভিডিওটির প্রকৃত উৎস, ভিডিওটি কীভাবে তৈরি বা প্রচার করা হয়েছে এবং এর পেছনে কারা জড়িত—তা নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তদন্তে কেউ আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি লিমনকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন। ভিডিওটির সঙ্গে লিমনের কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি এর প্রতিবাদ জানান।
এ বিষয়ে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, আমার নাম ব্যবহার ও যুবনেতা লিমনকে জড়িয়ে হেয় প্রতিপন্ন করার জন্য একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, মিথ্যা দিয়ে সাময়িকভাবে সত্যকে আড়াল করা যেতে পারে, কিন্তু চিরদিনের জন্য সত্যকে পরাজিত করা যায় না।
সংবাদ সম্মেলনে বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান।
সবশেষে লিমন খান মাদকের বিরুদ্ধে তার সামাজিক অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি তার সামর্থ্য অনুযায়ী সচেতনতা সৃষ্টির কাজ করে যাবেন।



















