নির্ভুল বার্তা ডেক্সঃ
পটুয়াখালীর মহিপুরে মোঃ বাইজিদ হাওলাদার (২১) নামে এক যুবককে মারধর করে মোবাইল ফোন ও গলার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলী মিশ্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাইজিদ থনঞ্জুপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
আহত বাইজিদের অভিযোগ, তিনি খালুর বাড়িতে যাওয়ার পথে শওকাত আকন ও মজিবরসহ ১০-১২ জন মোটরসাইকেলযোগে এসে তার পথরোধ করেন। পরে তাদের হাতে থাকা পাইপ, রড দিয়ে তাকে মারধর করে হাতে থাকা মোবাইল ফোন ও গলায় থাকা চেইন নিয়ে যায়। খবর পেয়ে তার খালু ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















