মহিপুর প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ আশ্রয়, সবার অধিকার’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের এলআরপি-৫০ প্রকল্প, কলাপাড়ার আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও আভাসের সিএএসআর প্রজেক্ট অফিসার রুবি আক্তারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিএএসআর প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, ইউপি সচিব মো. মজিবুর রহমান, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার ফারুক এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসা. তানিয়া আক্তার।
বক্তারা বলেন, দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, স্যানিটেশন, আলো, নিরাপত্তা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্যোগের আগেই সংশ্লিষ্ট কমিটি, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদার করে প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার, আশ্রয়কেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।
এ সময় ইউপি সদস্য মো. সোহেল হাওলাদার, মো. মনিরুল ইসলাম, মো. জসিম ফরাজী, মো. বাবুল গাজী ও আলাউদ্দিন গাজীসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



















