মহিপুর প্রতিনিধিঃ
মহিপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মিজানুর রহমান শফিক, শ্রম-বিষয়ক সম্পাদক, মহিপুর থানা শ্রমিক দল। গত ৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মহিপুর প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় লিখিত বক্তব্যে মিজানুর রহমান শফিক বলেন, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমার রাজনৈতিক সহযোদ্ধা, সমাজের সর্বস্তরের মানুষ এবং সম্মানিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ-আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে। কারণ, Masum Ahamed Mira নামক একটি ফেইসবুক আইডি থেকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মেয়ের ছবি আমার ছবির সঙ্গে সংযুক্ত করে কুয়াকাটার একটি হোটেলের নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে।
আমি একজন রাজনৈতিক কর্মী, কিন্তু সবার আগে আমি একজন মানুষ। আমার পরিবার আছে, আত্মীয়স্বজন আছে, সমাজে আমার সম্মান ও পরিচয় আছে। একটি মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট একজন মানুষের হৃদয়ে কতটা কষ্ট দিতে পারে, তার সাক্ষী আজ আমি নিজেই।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এর আগে লিমনকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। সেই বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম এবং ফেসবুকে মন্তব্য করে বলেছিলাম-সত্যি যদি কারও কাছে কোনো তথ্য বা প্রমাণ থাকে, তাহলে সাহস থাকলে সামনে এসে কথা বলুন।
আমি কাউকে অপমান করতে চাইনি, কাউকে হুমকিও দিইনি। আমি শুধু চেয়েছিলাম-মিথ্যার আড়ালে না থেকে সত্যটা সামনে আসুক। কিন্তু দুঃখজনকভাবে এরপরই আমার বিরুদ্ধে একটি মেয়ের ছবি ব্যবহার করে নতুন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। আমি কাউকে অনুমান করে দোষী করতে চাই না। যে ব্যক্তি বা আইডি থেকে এই পোস্টটি করা হয়েছে, তাকে আমি চিনি না এবং তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা বিরোধও নেই। তাই কেন আমার ছবি ব্যবহার করে এমন একটি বিভ্রান্তিকর প্রিয় মহিপুরবাসী, পরিস্থিতি তৈরি করা হলো, সেটি তদন্ত করে বের করা অত্যন্ত জরুরি।
আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ-সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেখেই বিশ্বাস করবেন না, শেয়ার করবেন না। আগে সত্যতা যাচাই করুন। কারণ আজ যে অপপ্রচার আমার বিরুদ্ধে হচ্ছে, আগামীকাল একই ধরনের অপপ্রচার আপনাদের যেকোনো একজনের বিরুদ্ধেও হতে পারে।
সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারাই সমাজের দর্পণ। আপনাদের কাছে আমার অনুরোধ-আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করুন। সত্যকে সত্য হিসেবে এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরুন। কারও সম্মানহানি হয় এমন কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার করবেন না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার বিশেষ অনুরোধ-আমি কাউকে নিজের হাতে বিচার করতে চাই না। আমি আইনের ওপর আস্থা রাখতে চাই। কে এই পোস্ট করেছে, ছবিগুলো কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে আমার ছবির সঙ্গে ওই মেয়ের ছবি যুক্ত করা হয়েছে-সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে আনা হোক। আমি আরও বলতে চাই-রাজনীতি থাকবে, মতের পার্থক্য থাকবে, সমালোচনাও থাকবে। কিন্তু কারও ব্যক্তিগত সম্মান নিয়ে খেলা, একটি নারীর ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা কোনো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে না।
আমি মহিপুরবাসীর কাছে শুধু একটি কথাই বলতে চাই- আমি প্রতিশোধ চাই না, আমি সত্য চাই। আমি সংঘাত চাই না, আমি ন্যায়বিচার চাই। মিথ্যা দিয়ে আমাকে থামানো যাবে না, অপপ্রচার দিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি, মহিপুরের মানুষ সত্যের পক্ষে থাকবেন, সাংবাদিক সমাজ নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে নিয়ে আসবে। সত্য প্রকাশ হোক, অপপ্রচারের অবসান হোক। মানুষের সম্মান রক্ষা হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।
এ ব্যাপারে মহিপুর থানা শ্রমিক দলের, সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি হীন, ওটা সম্পূর্ণ এ আই দি তৈরী করে, একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে।










