কুয়াকাটা সংবাদদাতা:
কুয়াকাটায় অবৈধভাবে জমি দখল ও সেখানে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. আলী হায়দার শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক দাবিদার মোসা. মুক্তা আক্তার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসাসংলগ্ন জমিতে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মুক্তা আক্তারের দাবি, ২০২২ সালে ৩৫৫০ নম্বর সাব-কবলা দলিলমূলে তিনি এসএ ৩৪ নম্বর লতাচাপলী মৌজার ১৩৪৬ নম্বর খতিয়ানের ৫৭ শতাংশ জমির মালিকানা অর্জন করেন এবং ভোগদখলে রয়েছেন।
তবে বিএস জরিপের সময় অসতর্কতাবশত জমিটি সরকারের খাস খতিয়ানভুক্ত হয়ে যায় বলে দাবি করেন তিনি। এ নিয়ে জমির মালিকানা পুনরুদ্ধারের জন্য খেপুপাড়া সিনিয়র সিভিল জজ আদালতে ৮৩৯/২০২২ নম্বর মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মুক্তা আক্তারের অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আলী হায়দার শেখ ওই জমিতে প্রবেশ করে সাইনবোর্ড স্থাপন করেন এবং ঘর নির্মাণের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালান। তাঁকে বাধা দেওয়া হলেও তিনি তা উপেক্ষা করে দখল কার্যক্রম অব্যাহত রাখেন বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় তিনি থানায় ও স্থানীয় সাংসদ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এর কাছেও লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন। আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে দখল কার্যক্রম বন্ধ রাখা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মো. আলী হায়দার শেখ বলেন, ওই জমি যারা দাবিদার আমি তাদের কাছ থেকেও ক্রয় করেছি এবং তারা যার কাছ থেকে ক্রয় করেছেন আমার তাদের কাজ থেকেও দলিল নেয়া আছে।
এব্যাপারে মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।














